

স্বাধীনতা একেই বলে?
স্বাধীনতার পঁচাত্তর
ব্যস্ত সবাই উদযাপনে
পরাধীনতার শিকল ভেঙে
মুক্ত ভারত এইদিনে।
ভারতবর্ষ আমার দেশ
সেই মাটিতে ছোঁয়াই মাথা
ইতিহাসের বন্ধ পাতায়
দেশপ্রেমের গল্পকথা।
একটা দিন জয়ধ্বনি
ক্ষুদিরামের নাম স্মরণ
বীর সুভাষের গলায় মালা
বিনয় বাদল দীনেশ বরণ।
দিচ্ছে সবাই জয়ধ্বনি
পড়ুয়ারা সব পতাকা হাতে
তিন দিনেতে শেখা গান
গাইছে সবাই পথে পথে।
মন্ত্রিমশাই দিচ্ছে ভাষণ
গলার শিরা উঠছে ফুলে
দেশপ্রেমের জোয়ার বানে
আসছে মানুষ দলে দলে।
পঁচাত্তরের স্বাধীনতা
ভাত মাংস সভা শেষে
দিচ্ছে ট্রিট কমলা লাল
নীল সবুজ নির্বিশেষে।
স্বাধীনতার মানেই বুঝি
ছুটির দিনে ল্যাদ খাওয়া
তিন রঙের তিলক কেটে
চিল্ড বিয়ার চুমুক দেওয়া।
জাতীয় সংগীত বাজছে বাজুক
উঠবো কেন থাকবো বসে
পঁচাত্তরের স্বাধীনতা
পালন করছি নিজের দেশে।
এমন দেশটি কোথাও খুঁজে
না পাওয়ার ভীষণ বড়াই
সাম্যের দেশ ভারতবর্ষে
রাম রহিম করছে লড়াই।
ডিগ্রিধারী সুসন্তানেরা
বিদেশ বিভুঁই দিচ্ছে পাড়ি
চাকরি নেই এই দেশেতে
মাটির সাথে তাদের আড়ি।
লক্ষ লক্ষ বেকার যুবক
মিথ্যে আশায় দিন গোনে
আত্মহত্যা করছে কেউ
যুব সমাজ ডিপ্রেশেনে।
নিরক্ষরে ভরা দেশ
নেই দরকার কলম খাতা
বেঁচে থাকুক মা লক্ষ্মীরা
তাদের জন্য নানান ভাতা।
'ধন ধান্যে পুষ্পে ভরা'-
দু- মুঠো ভাত নেইতো ঘরে
পায়না শিশু একটু দুধ
পথের ধারে ভিক্ষা করে।
খুন জখম ধর্ষণেতে
পায়না রেহাই আট আশি
'মোদের গর্ব মোদের আশা'
স্বাধীন আমরা ভারতবাসী।
উদযাপনে দিনের শেষে
সূর্য যখন অস্তাচলে
ভেবে দেখো ভারতবাসী
স্বাধীনতা একেই বলে?
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 9
Total Users : 397780
Views Today : 12
Total views : 536486
Who's Online : 0
Your IP Address : 45.174.72.38