ফাইল চিত্র

ভাইফোঁটা
সকাল থেকেই তোড়জোড় রান্নাবান্নার ঘটা বোন যমুনা ব্যস্ত ভীষণ আজ ভাইফোঁটা। গরম গরম ফুলকো লুচি সঙ্গে আলুর দম ছোলার ডাল বেগুনভাজা বেজায় খুশি যম। সেজেগুজে যম তৈরি যমুনা দেয় ফোঁটা অমর থাকুক দাদা তার মৃত্যু দুয়ারে কাঁটা। সোনার গয়না বেনারসি বোনের উপহার ছুটির দিনেও যমের মোবাইল বাজছে বারবার। আনতে হবে পৃথিবী থেকে শব হাজার কুড়ি স্বর্গরথে চেপে যম ধরায় দেবে পাড়ি। জলে গিলে কপাত করে মিষ্টি ক্ষির চমচম বেজার মুখে পৃথিবী পথে রওনা দেয় যম। চোখের জলে সর্দি টেনে যমুনা জোড়ে কান্না ফিরতে হবে তাড়াতাড়ি নইলে নষ্ট রান্না। নিজের হাতে রাঁধবে বোন পোলাও মাংস চাটনি যমদাদা না খায় যদি বৃথাই খাটা খাটনি। মর্ত থেকে ফিরলে দাদা যমুনা জুড়বে বায়না বন্ধ থাকুক ভাইফোঁটায় শোক মৃত্যুর কান্না। দিদিদের চন্দন ফোঁটায় মৃত্যু যাক রুখে যমের দুয়ারে পড়ুক কাঁটা ভাইরা থাকুক সুখে।
ভাইফোঁটা
ভুতগুলো আজ বেজায় খুশি
গড়ের মাঠে চিৎপটাং
কেউবা আবার শেওড়া গাছে
ডালে বসে দোলায় ঠ্যাং।
খাচ্ছে কেউ ডিগবাজি
আহ্লাদে তে আটখানা
গেছো মেছো স্কন্ধকাটা
আর তাদের ছানাপোনা।
পেত্নী আর শাকচুন্নি
কোমরেতে শাড়ি গুঁজে
ব্যস্ত তারা আজকে ভীষণ
সকাল থেকে নানান কাজে।
বাসন্তী পোলাও হলুদ রাঙা
রান্না করে ভীষণ খেটে
খাসি মাংসের খাসা গন্ধে
দিচ্ছে চাগাড় খালি পেটে।
দই ইলিশ কোপ্তা কালিয়া
ভেটকি মাছের পাতুরি
বড় বড় গলদা চিংড়ি
পোস্ত ঝাল মালাইকারি।
পায়েস মিষ্টি চাটনি পাঁপড়
ভাই ফোঁটার মহাভোজ
মামদো বলে -'পেত্নী দিদি
রাঁধো না কেন রোজ রোজ?'
বাবু হয়ে ভুতগুলো সব
বসলো নিতে ভাইফোঁটা
শাকচুন্নি হেসে বলে
যম দুয়ারে দেবো না কাঁটা।
আমরা তো মরেই গেছি
ভুত ভাই পেত্নী বোন
সাধ্য নেই যমের আর
কেড়ে নিতে প্রিয়জন।
ভুত ভাই দিলাম ফোঁটা
খেতে দিলাম চমচম
করবি তুই লবডঙ্কা
ভয় পাইনা তোকে যম।
যম বাবাজী জব্দ বেজায়
মরে গিয়ে ভুত অমর
মহাপজী পেত্নীরা সব
রটিয়ে দেয় এই খবর।

নিউ কন্টাই নার্সারি স্কুল
৩ য় শ্রেণী, বয়স ৯
ভাইফোঁটা
যমের দুয়ারে দিলাম কাঁটা,
এই বলে বোনেরা ভাইকে দেয় ফোঁটা।
কালী পূজার একদিন পর আসে দ্বিতীয়া,
সেইদিনই হয় আমাদের ভ্রাতৃদ্বিতীয়া।
নতুন জামা নতুন কাপড় পরে ভাই বোন,
ফোঁটার আসর শুরু হয়,
নিয়েপ্রদীপ-ধান-দূর্বা-কাজল,
মিষ্টি আর চন্দন।
ভাইয়েরা চেঁচায়--------
লুচির জন্য তাড়াতাড়ি লেচি কাট,
লুচির গন্ধে মন মাতোয়ারা আসর জমজমাট।
সারা বছর চলতে থাকে
ভাই বোনের খুনসুটি আর আদর,
আজি এই দিনে বোনের প্রার্থনা শুধু --------
ভাইয়েরা হয় যেন যমের মত অমর।।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈




Users Today : 4
Total Users : 397803
Views Today : 7
Total views : 536536
Who's Online : 0
Your IP Address : 41.60.250.33
1 thought on “🪔 ভাইফোঁটা 🎁”
khub valo hoyeche lekha gulo