ফাইল চিত্র, খেজুরী, পূর্ব মেদিনীপুর,
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীতে প্রায় ২৪৮ বছর আগে অর্থাৎ ইং ১৭৭২ খ্রীষ্টাব্দে গড়ে ওঠে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর ভারতে প্রতিষ্ঠিত প্রথম ডাকঘর। পূর্বে ভবনটি খেজুরী বন্দরের অফিস রূপে ব্যবহৃত হত ও মূল ভবনটি আনুমানিক ইং ১৭৬০ খ্রীষ্টাব্দ নাগাদ নির্মিত হয় । ইং ১৭৭২-১৮৯৪ খ্রীষ্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ ১২২বছর ধরে এই প্রাচীন ভবন থেকে নিয়মিত ডাকব্যবস্থা পরিচালিত হওয়ার প্রমান পাওয়া যায়। ইং ১৮৬৫ খ্রী: পর্যন্ত কেবলমাত্র ইওরোপীয়ানরাই এই ডাকঘরের পোষ্ট মাষ্টারের দায়িত্ব সামলেছেন।

ডাকটিকিট ব্যবস্থা প্রচলনের পূর্বে এই ডাকঘরে ship postage ব্যবস্থা চালু ছিল। ইং ৫ই অক্টোবর, ১৮৬৪ খ্রী: প্রবল ঝড় ও জলোচ্ছ্বাসে এই ডাকঘরের তৎকালীন পোষ্ট মাষ্টার মিঃ বটেলহো তাঁর পত্নী মেরী ,পুত্র ইউজীন ও এক শ্যালিকাসহ সলিলসমাধি প্রাপ্ত হন। পরবর্তী (সম্ভবত শেষ ইওরোপীয়ান ) পোষ্ট মাষ্টার W.T. Miller পূর্ববর্তী পোষ্ট মাষ্টার মিঃ বটেলহো’র স্মৃতি রক্ষার্থে নিকটবর্তী খেজুরী ইওরোপীয়ান সমাধিক্ষেত্রে একটি সুদৃশ্য সমাধিস্তম্ভ নির্মান করেন।

যেটি বর্তমানে ভগ্ন হলেও সমাধিক্ষেত্রে এখনো অবস্থিত অত্যন্ত অসুরক্ষিত অবস্থায়। খেজুরী বন্দর অফিসের দ্বি-তলে প্রথমে ডাকঘরটি চালু হলেও আরও পরবর্তীকালে ( ইং১৮৫১-৫২ খ্রী:) এই দ্বি-তল ভবনেরই অন্য একটি ঘরে চালু হয় ভারতের প্রথম তারঘরটিও ( টেলিগ্ৰাফ অফিস )। ত্রিতল বিশিষ্ট এই ভবনের উপরিতলের একটি ছোট কক্ষের সাথে লোহার ঘোরানো সিঁড়ির সাহায্যে দ্বিতীয় তল থেকে সংযোগ রক্ষা করা হতো। ডাকঘরের সম্মুখেই বর্তমানে অবস্থিত প্রবেশ পথের সিংহদ্বারটি ( নীচের ছবিতে দৃশ্যমান )।

পূর্বের সুবিশাল ও সুদৃশ্য অফিসগৃহটি অযত্মের ফলে কয়েক দশক আগেই ভূমিসাৎ হয়েছে। ডাকঘর সংলগ্ন একসময়ের দ্বাদশ কক্ষ বিশিষ্ট প্রকান্ড ব্যারাকটিও আজ ইতিহাসের ধূসর স্মৃতি। বর্তমানে কেবলমাত্র সিঁড়ি ঘরটুকুই টিকে আছে কোনক্রমে সদূর অতীতের সেই সোনালী ও গৌরবময় স্মৃতি আগলে। এই প্রাচীন ডাকঘরটি বর্তমানে খেজুরী ফরেষ্ট বিট অফিসের (বাজকুল রেঞ্জের অধীনে ) পিছনের বনাঞ্চলের মধ্যে অবস্থিত । ঐতিহ্যবাহী এই ভবনটির সংস্কারসহ এখানে একটি পোষ্টাল মিউজিয়াম গড়ে তোলার দাবী এলাকাবাসীর দীর্ঘদিনের।

কয়েকবছর আগে কেন্দ্রীয় সরকারের তরফে এক ঠিকাদার এসেছিলেন পোষ্টাল মিউজিয়াম গড়বার অনুমতি নিয়ে। কিন্তু নানান কারনে সেই স্বপ্ন আর শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি । এর আগে ও পরে খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতি ( স্থাপিত : ইং১৯৯৯) ও সাম্প্রতিককালে গঠিত খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি ( স্থাপিত :২০১৬) নানান সরকারী দপ্তরে বিস্তর চিঠি চালাচালি করেছে এই ঐতিহ্যবাহী ভবনটির সুরক্ষা, সংস্কারসহ পোষ্টাল মিউজিয়াম গড়বার দাবিতে।

দীর্ঘদিন অবহেলায় এই প্রাচীন ভবনটি যখন প্রায় ধ্বংসপ্রাপ্ত ও পতনোন্মুখ ঠিক তখনই আবার আশার আলো দেখেছেন খেজুরীবাসী। হেরিটেজ কমিশন পূর্ব মেদিনীপুরের অন্যান্য আরও ১৯টি ঐতিহ্যবাহী নিদর্শনের সঙ্গে সঙ্গে এই প্রাচীন স্মারকভবনটিও সংস্কারের অনুমতিসহ আর্থিক অনুদান প্রদান করেছেন। তাই আবার আশায় বুক বাঁধছেন সকলে নতুন করে। আগামীতে এই স্মারক ভবনটি সংস্কারসহ পোষ্টাল মিউজিয়াম গড়ে উঠলে এটি যে পূর্ব মেদিনীপুরের অন্যতম দ্রষ্টব্য নিদর্শনে পরিনত হবে সে বিষয়ে কারও সন্দেহ নেই।
শরণাপন্ন – সুদর্শন সেন



Users Today : 2
Total Users : 397806
Views Today : 2
Total views : 536541
Who's Online : 0
Your IP Address : 216.73.216.146